গাংনীতে কাব্যগন্থ ‘প্রেম দ্রোহ এবং প্রার্থিত সুন্দর’ বইয়ের মোড়ক উন্মোচন
- আপলোড তারিখঃ
১৫-১২-২০২১
ইং
কবি মুরাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেম দ্রোহ এবং প্রার্থিত সুন্দর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ বইয়ের মোড়ক উন্মোচনের উদ্বোধন করা হয়। গাংনী মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতি পাঠাগার ও উত্তরণ ভাষা চর্চাকেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ গবেষক ও বিশিষ্ট কথাশিল্পী অধ্যাপক রফিকুর রশীদ রিজভীর সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বইয়ের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) মকসুদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব কবি আল কামা সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, এমপি পত্নী লায়লা আনজুমান শিলা, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, কাজিপুর কলেজের অধ্যক্ষ মোকাদ্দেসুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাস্বত নিপুণ ও যার জন্য আয়োজন মুজিবনগর সরকারি কলেজের শিক্ষক কবি মুরাদ হোসেনসহ মেহেরপুর জেলার কবি-সাহিত্যিকগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠান জেলার কবি, সাহিত্যিক ও সুধীজনদের মিলন মেলায় পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব কবি আল কামা সিদ্দিকী বলেন, সবাইকে বিশেষ করে নতুন প্রজন্মকে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। তারা জাতির সম্পদ। তাদের চেতনাকে বুকে ধারণ করতে হবে। তিনি কবি মুরাদ হোসেনের কবিতার বই এবং কবি সম্পর্কে আলোচনা করেন। কবিতা একটি কঠিন মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, কবিতা একটি অজনপ্রিয় মাধ্যম। কারণ কবিতার ভাষা সবাই বুঝতে পারে না। তিনি কবিতা নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি যারা কবিতা লেখেন, তাদেরকে কবিতা বেশি করে লেখার আহ্বান জানান। আলোচনা শেষে কবি মুরাদ হোসেন রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেম দ্রোহ এবং প্রার্থিত সুন্দর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
কমেন্ট বক্স