বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে ১৫-২০টি গ্রামের দুস্থ মানুষ
- আপলোড তারিখঃ
১১-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামে ১৯৯০ সালে প্রয়াত অমিয় ভূষণ চৌধুরীর দানকৃত জমিতে গ্রামের অসহায় দুস্থ মানুষদের সম্পূর্ণ ফ্রিতে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে চালু হওয়া ‘জীবন ছোঁয়া ক্লিনিক’ প্রায় ১০ বছর সুনামের সাথে চলার পর বিভিন্ন জটিলতায় দীর্ঘ ২০ বছর যাবত বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মহিলা ক্লাব ইনার হুইল, ঢাকা মেট্রো ৩৪৫ ও প্রয়াত অমিয় ভুষণ চৌধুরীর পরিবারের যৌথ উদ্যোগে পুনরায় ক্লিনিকটির শুভ উদ্ধোধন করা হয়েচে। দীর্ঘ ২০ বছর পর ডিঙ্গেদাহ এলাকার ১৫-২০টি গ্রামের মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে জীবন ছোঁয়া ক্লিনিকের যাত্রা শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে উৎসব-উদ্দীপনার জোয়ার লক্ষ্য করা যায়।
জানা গেছে, ১৯৯০ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের বিশিষ্ট দানবীর প্রয়াত অমিয় ভূষণ চৌধুরী তাঁর নিজস্ব জমিতে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে নিজ উদ্যোগে জীবন ছোঁয়া ক্লিনিক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর দীর্ঘ ১০ বছর সুনামের সাথে ক্লিনিকটি এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করলেও নানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। পিতার প্রতিষ্ঠিত ক্লিনিক পুনরায় চালু করার জন্য অমিয় ভুষণ চৌধুরীর ছেলে চুয়াডাঙ্গা জেলা বিএম-এর সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও জেমস অলক চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন আন্তর্জাতিক মহিলা ক্লাব ইনার হুইল, ঢাকা মেট্রো ৩৪৫।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে খেজুরা গ্রামে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটির শুভ উদ্বোধন করা হয়। ক্লাবের সভাপতি চুয়াডাঙ্গার কৃতী সন্তান কল্পনা কস্তার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান মিসেস এঞ্জেলা বৈশাখী মেন্ডেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিএম-এর সভাপতি ও জীবন ছোঁয়া ক্লিনিক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. মার্টিন হীরক চৌধুরী, সহসভাপতি ডা. স্বপ্না নন্দী, সহসভাপতি সাপার খান, সম্পাদক শাহনাজ মাহমুদ মিতা, কোষাধ্যক্ষ শতাব্দী রহমান, ক্লাব যোগাযোগ শামসুন নাহান, ইসি সদস্য ইয়াসমিন ফরিদা, নার্গিস আক্তার ও উমামাহ মানাল মাহমুদ।
বিশিষ্ট রাজনীতিবিদ জে অলক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুল রহমান, সমাজসেবক শামীম হোসেন মিজি, ডা. মারভিন অনিক চৌধুরী প্রমুখ।
আন্তর্জাতিক মহিলা ক্লাব ইনার হুইল, ঢাকা মেট্রো ৩৪৫ চেয়ারম্যান মিসেস এঞ্জেলা বৈশাখী মেন্ডেজ তাঁর সংগঠন এ ধরনের মানবিক কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে চুয়াডাঙ্গা জেলায় আরও বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
কমেন্ট বক্স