দামুড়হুদায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাড়া দেওয়া আ.মজিদের বিরুদ্ধে তদন্ত
- আপলোড তারিখঃ
০৮-১২-২০২১
ইং
দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে আব্দুল মজিদের বিরুদ্ধে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাড়া দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহের নির্দেশে ঘটনার তদন্তে গিয়ে এ অভিযোগের সত্যতা পান দামুড়হুদা সদর ইউনিয়ন তফসিল অফিসার পান্না। গতকাল মঙ্গলবার তফসিল অফিসার এ সংক্রান্ত একটি রিপোর্ট সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহের কাছে পেশ করেছেন।
জানা যায়, সারা দেশের ন্যায় দামুড়হুদা উপজেলার কয়েকটি স্থানে যাদের জমি নেই, ঘর নেই, তাদের জন্য ঘর নির্মাণ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘর বরাদ্দ পান দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের ফলেহারের ছেলে আব্দুল মজিদ। ঘর বরাদ্দ এক বছর পার না হতেই আব্দুল মজিদ সে ঘর প্রতি মাসে ৩ হাজার ৫ শ টাকা চুক্তিতে ভাড়া দেন ঠিকাদার এ কে এম ফয়জুলের দুই শ্রমিক আজিজুল ও কাউছারের নিকট। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করে। এ ঘটনার পর দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ঘটনাটি তদন্তের জন্য দায়িত্বভার দেন দামুড়হুদা সদর ইউনিয়নের তফসিল অফিসার পান্নাকে। তিনি তদন্ত করে সত্যতা প্রমাণ মেলে।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ জানান, ইউএনও স্যারের নির্দেশ তফসিল অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ঘটনা সত্যতা মিললে তিনি লিখিতভাবে আব্দুল মজিদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন। এই মাসেই তাঁর নামের ঘরটি বাতিল করা হবে।
কমেন্ট বক্স