চুয়াডাঙ্গা সদরের চার ইউপিতে ২১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা
- আপলোড তারিখঃ
২৬-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও, সাধারণ সদস্য পদে চার ইউনিয়নে ১৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিনও আওয়ামী লীগ মনোনীত তিন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীসহ বেশ কয়েকজন সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের হিসেব মতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্র জমা পড়েছে ৬ জন প্রার্থীর। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আলিমুজ্জামান, জাতীয় পার্টির জুলফিকার আলী, স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দীন, আব্দুল মজিদ ও আক্তা উর রহমান মুকুল। এ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৫ জন সদস্য পদে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৪ জন মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্র জমা পড়েছে ৬ জন প্রার্থীর। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলী আহম্মেদ হাসানুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুল হক, স্বতন্ত্র শাখাওয়াত হোসেন, আক্তার হোসেন রনি, জুয়েল রানা ও নজরুল ইসলাম। এ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৭ জন সদস্য পদে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্র জমা পড়েছে ৬ জন প্রার্থীর। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. আলম, ইসলামী আন্দোলনের ওমর ফারুক, স্বতন্ত্র আবু তাহের বিশ্বাস, আতিয়ার রহমান, সেলিম মল্লিক ও বজলুর রহমান। এ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৮ জন সদস্য পদে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্র জমা পড়েছে ৩ জন প্রার্থীর। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলনের একরামুল হক ও স্বতন্ত্র গোলাম ফারুক জোয়ার্দ্দার। এ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ২৮ জন সদস্য পদে ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান। এবং আলুকদিয়া ও মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যই জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিস ভিমরুল্লাহতে রিটার্নিং অফিসারের কার্যালয় হিসেবে সকল দাপ্তরিক কাজ করা হচ্ছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলীয় মনোনয়নসহ মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত আলুকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ হাসানুজ্জামান ও মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।
কমেন্ট বক্স