চুয়াডাঙ্গায় উলামা পরিষদের রক্তদান সংস্থার উদ্বোধন ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে সিএস ডা. মারুফ হাসান
- আপলোড তারিখঃ
০১-১১-২০২১
ইং
‘মুমূর্ষু রোগীর বাঁচাতে প্রাণ, আমরা করব রক্তদান’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের রক্তদান সংস্থার উদ্বোধন ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল-হাবীবী ও সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেম।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, ‘আমি ছোট বেলায় থেকেই দেখে আসছি সমাজের মানুষ উলামায়ে কেরামের কথা খুব মান্য করে। করোনার সময় স্বাস্থ্য সচেতনতা তৈরিতে উলামায়ে কেরামের ভূমিকা ছিল প্রশংসনীয়। চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের এই স্বেচ্ছায় রক্তদান সংস্থা মানবসেবায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এর মাধ্যমে স্বাস্থ্য বিভাগের সাথে উলামায়ে কেরামের একটি সেতুবন্ধন তৈরি হবে ইনশাআল্লাহ। উলামা পরিষদের স্বেচ্ছায় রক্তদান সংস্থা বাস্তবায়নে যা কিছু প্রয়োজন আমরা চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সব ধরণের সহায়তা করব, এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই উলামা পরিষদের রক্তদান সংস্থার কাজ চালু করা করতে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করব।’
চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল-হাবীবী বলেন, দিনে দিনে যেভাবে রক্তের চাহিদা বাড়ছে, রক্তদাতা না বাড়লে মানবিক সংকট দেখা দিতে পারে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা রক্তদানের মতো কর্মসূচি শুরু করছি।
সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী বলেন, ‘ইসলাম কল্যাণকামীতার নাম, আমরা মসজিদ-মাদরাসায় খেদমতের পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন সব সময়ই করে এসেছি এবং ভবিষ্যতেও যেন করতে পারি, মহান রব্বুল আলামিনের কাছে সেই তাওফিক চাই।’ তিনি আরও বলেন, ইসলাম কখনো সামপ্রদায়িক সম্প্রীতির বিপক্ষে নয়, যার উজ্জ্বল দৃষ্টান্ত রাসুল (সা.)-এর বিদায় হজ্জের ভাষণ। করোনা মহামারির সময় উলামা পরিষদ সর্বসাধারণের পাশে দাঁড়িয়েছে, যারা কর্ম হারা হয়েছে তাদের খোঁজখবর নিয়েছে, স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে লিফলেট বিতরণ করেছে উলামা পরিষদ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুর রহমান, পৌর সভাপতি মুফতি আজিজুল্লাহ, মাওলানা মামুনুর রশিদ বশির, মাওলানা জহুরুল ইসলাম আজিজ, মুফতি জাহিদ হাসান মাসুম, মুফতি মামুনুর রশিদ, মাওলানা শুয়াইব আহমদ কাসেমী, মাওলানা ইনামুল হক, মাওলানা আরিফবিল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা শামিম আহমদ গুলজারী, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আবু সুফিয়ান প্রমুখ। পরিশেষে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল-হাবীবী দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
কমেন্ট বক্স