সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বেলুন উড্ডয়ন ও শ্বেতকপোত অবমুক্তকরণের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এনডিসি সবুজ কুমার বসাক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার ও খন্দকার টুটুল।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয়লাভ করে দামুড়হুদা উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা একাদশ। উদ্বোধনী ম্যাচে দামুড়হুদা ৩-০ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলাকে এবং দ্বিতীয় ম্যাচে আলমডাঙ্গা ১-০ গোলে জীবননগর উপজেলা একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দামুড়হুদার পক্ষে গোল করেন হুজাইফা, সাঈদ ও ফারুক এবং আলমডাঙ্গার পক্ষে একমাত্র জয়সুচক গোল করেন সিফাত। আজ সকাল ৯টায় একই মাঠে ৪ উপজেলা দলের মধ্যে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। গতকালের ফুটবল ম্যাচ দুটি পরিচালনা করেন লিটা হক, রেজাউল হক রিজু ও রিয়ান।