গাংনীর তেঁতুলবাড়িয়া ইউপি কার্যালয় থেকে বোমা উদ্ধার
- আপলোড তারিখঃ
১৮-১০-২০২১
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনের সিঁড়ি ঘরের নীচ থেকে দুটি হাত বোমা উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। গতকাল রোববার বেলা দুইটার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম বোমা দুটি উদ্ধার করে।
ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (ইউডিসি) জাহিদ হোসেন জানান, লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখে পরিষদের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য দুর্বৃত্তরা বোমা রেখে গেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজুলর রহমান জানান, ইউপি পরিষদ কার্যালয়ের সিঁড়ি ঘরের নিচে লাল টেপ মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পায়। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে বোমা দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
কমেন্ট বক্স