নানা আয়োজনে জীবননগর, মুজিবনগর ও ঝিনাইদহে
সমীকরণ প্রতিবেদন:
জীবননগর, মুজিবনগর ও ঝিনাইদহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের স্লোগান ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’।
জীবননগর:
জীবননগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, আনসার ভিডিপি অফিসার তহমিনা খাতুন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সীমান্ত ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, আবু সাঈদ মোহাম্মদ সাদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মুজিবনগর:

মুজিবনগরে জাতীয় জন্ম ও মৃত্য নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঝিনাইদহ:
‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এ স্লোগানে ঝিনাইদহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহম্মেদ, জেলা নির্বাচন অফিসার আবু সালেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
এসময় বক্তারা, সরসারি সেবা পেতে সমাজের সর্বস্তরের মানুষের জন্ম ও মৃত্যু নিবন্ধন করার প্রতি পরামর্শ দেন। সেই সাথে নিবন্ধন সহজীকরণ করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।