কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারকে অনুদান প্রদান প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুটি অসহায় পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মুজিবুর রহমানের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন ওই দুটি পরিবারের স্বজনদের হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেন। উল্লেখ্য, গত তিন সপ্তাহ আগে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারবাজার নামক স্থানে বাস ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছিলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, ওইদিন দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকসহ তিনি ঘটনাস্থলে যান। এরপর জেলা প্রশাসক দুর্ঘটনায় নিহত ভ্যানচালক মহিদুল ইসলাম ও দুস্থ নারী তাসলিমা বেগমের পরিবারের খোঁজখবর নিয়ে ওই দুটি পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসেন। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার নিহত ভ্যানচালকের পুত্র হাফিজুর রহমান ও তসলিমার স্বামী মোশারফের হাতে ২০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহেল আল মাসুম, সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ ও সাংবাদিক আরিফ মোল্ল্যা।
সমীকরণ প্রতিবেদন