জীবননগরে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী লাঠি খেলায় ছিল উৎসবের আমেজ
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগরে দুই দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে শুরু হয় দুই দিনব্যাপী এ ঐতিহ্যবাহী লাঠি খেলার আসর। আর এই আয়োজনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আয়োজকরা জানান, সাফল্যের ধারাবাহিকতায় আগামী বছরও এমন আসর আয়োজন করতে চান তাঁরা।
ভাদ্রের তাল পাকা গরমে গ্রাম-বাংলার মানুষের তপ্ত দুপুরে কাটছে অখণ্ড অবসর। আর এই অবসরে দু’দণ্ড শান্তি খুঁজে নিতে গঙ্গাদাশপুর গ্রামে আয়োজন করা হয়েছে লাঠি খেলা। বাদ্যের তালে তালে ঘুরছে লাঠি। তারপর শুরু হয় লাঠিয়ালদের কেরামতি। শক্ত হাতে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখাতে থাকেন ভেলকি। যেখানে জয়-পরাজয় মূখ্য নয়। বরং দর্শকদের বিনোদন দিতেই এমন আয়োজন। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আগ্রহের কমতি নেই গ্রামবাসীর। কেউ খেলা দেখছেন মাটিতে বসে, কেউবা গাছে চড়ে। লাঠিয়ালদের অপূর্ব কৌশল দেখে মুগ্ধ দর্শকরা। নিয়মিত এমন আয়োজন দেখতে চান তাঁরা।
দর্শকরা বলছেন, ‘নিয়মিত আমরা খেলা দেখতে চাই। আমরা প্রতিবছর এমন আয়োজন দেখতে চাই। প্রজন্মের পর প্রজন্ম এই খেলা যেন টিকে থাকে।’ দর্শকদের আগ্রহ আর ভালোবাসায় এখনো বেশ কিছু খেলোয়াড় এটিকে টিকিয়ে রেখেছে। তবে শত বছরের পুরোনো এই খেলা ধরে রাখতে খেলোয়াড়দের পাশাপাশি উদ্যোগ নিতে হবে প্রশাসন ও আয়োজকদের। তারাও এটিকে ধরে রাখার প্রতিশ্রুতি দিলেন।
কমেন্ট বক্স