বগুড়াকে হারিয়ে বেনাপোলের জয়
- আপলোড তারিখঃ
২৪-০৯-২০২১
ইং
কালীগঞ্জ পৌর কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’র ২য় খেলায় টাইব্রেকারের শেষ কিকে বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমি নাটকীয় জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভুষন স্কুলমাঠে বলে কিক দিয়ে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার দু দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।
এসময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্টাচার্য্য, কালীগঞ্জ ফুটবল টিমের ব্যবস্থাপক নাসির উদ্দীন চৌধুরী, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার এ টুর্নামেন্টের ২য় খেলায় অংশগ্রহণ করে বেনাপোল ফুটবল একাডেমি ও বগুড়া ফুটবল একাদশ। পড়ন্ত বিকেলে নলডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে বেনাপোল নুর ইসলাম একাডেমি।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ২য় খেলার বাঁশি পড়ার সাথে সাথে পাল্টাপাল্টি আক্রমণের মধ্যদিয়ে খেলা চলছিল। খেলার প্রথমার্ধেও ৬ মিনিটের সময় সূবর্ণ সুযোগ নষ্ট করে বগুড়া ফুটবল একাদশ। এরপর পাল্টা আক্রমণে যায় বেনাপোল। তাদের আক্রমণ ভাগের খেলোয়াড়ও অনুরুপ সুযোগ নষ্ট করে অন্তত সুযোগ নষ্টের সমতা আসে। পরেই উভয় দল রক্ষণাত্বক ভঙ্গিতে ধীরে চলো নীতিতে ম্যাচ নিয়ে যেতে থাকে। কিন্ত দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে উভয় দলের মধ্যে গতির খেলা দেখা যায়।
বেনাপোল দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের কিকের বল লাগাতরভাবে রুখে দেন বগুড়া দলের বিদেশি গোলকিপার বাবু। এরপর একইভাবে প্রতিপক্ষের আক্রমণ একাই ঠেকিয়ে দেন বেনাপোল দলের অনুর্ধ্ব ১৭ দলের এশিয়ার সেরা গোলকিপার মেহেদী। খেলার ফলাফল যখন গোলশূন্য, তখন বগুড়া দলের ৬ নম্বর জার্সিধারী মিঠুন গোলরক্ষক মেহেদীকে বোকা বানিয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন। খেলার তখন শেষ হতে মাত্র দেড় মিনিট বাকি। কিন্তু খেলার মাত্র ৪২ সেকেন্ড বাকি থাকতেই রক্ষণবাঘের খেলোয়াড় একাই বল নিয়ে ছুটে আসেন প্রতিপক্ষের সীমানার মধ্যে।
এসময় তিনি গোলমুখে বল দিলে সতীর্থ ১১ নম্বর জার্সিধারী শাকিল বল জালে জড়িয়ে দিয়ে অত্যন্ত নাটকীয়ভাবে সমতা ফেরান। এরপরই রেফারি টাইব্রেকারে বাঁশি বাজিয়ে দেন। প্রথমে উভয় দল ৫টি করে কিক মারার সুযোগ পায়। সেখানেও দুই দলই একটি করে মিস করে আবার নাটকীয়তার জন্ম দেয়। পরে আবার একটি করে শট। সেখানে বগুড়া দলের শফিকের শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে খেলার ভাগ্য শেষ শটের ওপর নির্ভর করে। সর্বশেষ শটে বেনাপোলের অভিজ্ঞ গোলরক্ষক মেহেদী গোলে শট নিয়ে বল জালে জড়িয়ে দিয়ে শেষ হাসি হাসেন। খেলা শেষে বেনাপোল দলের অধিনায়ক মেহেদীর হাতে অতিথিবৃন্দ ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন।
এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভাষ্যে ছিলেন খোরশেদ আলম, কামাল হোসেন, রবিউল ইসলাম ও ইবনে মাসুদ।
কমেন্ট বক্স