প্রথম খেলায় স্বাগতিকদের জয়
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০২১
ইং
কালীগঞ্জ পৌর কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১ উদ্বোধন
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভুষন স্কুলমাঠে কবুতর উড়িয়ে ও বলে শট দিয়ে এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল।
এ টুর্নামেন্টে দেশের খ্যাতিমান ফুটবলার সমৃদ্ধ ৮টি ঐতিহ্যবাহী দল অংশগ্রহণ করবে। গতকাল বুধবার পড়ন্ত বেলায় স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশের সাথে খুলনা ফুটবল একাদশের খেলার বল গড়ানোর মধ্যদিয়ে উদ্বোধন হলো। খেলায় কালীগঞ্জ ফুটবল একাদশ ২-০ গোলে খুলনা এসবি আলী ফুটবল একাডেমিকে পরাজিত করার মাধ্যমে শুভ সূচনা করে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে অতিথিবৃন্দ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর রেফরি খেলায় বাঁশিতে ফুঁক দেন। এরপর শুরু হয় টানটান উত্তেজনার ম্যাচ। খেলার শুরুতের আক্রমণ আর পাল্টা আক্রমণ শুরু হয়। কিন্তু প্রথমার্ধের ঠিক ১২ মিনিটের সময় আক্রমণ ভাগের বিপদজনক স্থানে বল পেয়ে বিপক্ষ ৪ জনকে টপকে বল বের করে উঁচুতে তুলে দেন অধিনায়ক কায়েস। শূন্যতে ভাসা বলে মাথা লাগিয়ে দলের পক্ষে বল জালে জড়িয়ে দেন রাব্বি। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে খুলনা। তারা ১৭ মিনিটে একটি নিশ্চিত সুযোগ নষ্ট করলে শিবিরে খানিকটা মন ভেঙে যায়।
আবার প্রথমার্ধের ৩২ মিনিটে স্বাগতিক দলের সেই অভিজ্ঞ কায়েসের বাড়ানো বলে আবার পা বাড়িয়ে দুর্দান্ত কিকে ২য় বারের মতো খুলনার কফিনে পেরেক ঠোকেন সেই রাব্বি। কিছুক্ষণ পরেই দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বৃষ্টিভেজা মাঠে উভয় দলের খেলোয়াড়রা খানিকটা পরিশ্রান্ত হয়ে পড়েন। কিন্তু ভারি মাঠ হলেও খুলনা ফুটবল একাডেমি বারবার আক্রমণ করেও লক্ষ্যভ্রষ্ট কিকে মন ভেঙেছে। এরপর দ্বিতীয়ার্ধের ৪২ মিনিটে স্বাগতিক কালীগঞ্জ দলের অধিনায়ক কায়েস পরপর দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। একপর্যায়ে রেফারি রবিউল ইসলাম শেষ বাঁশি বাজিয়ে দিনের খেলা শেষ করেন। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন জামাল হোসেন, বেলাল হোসেন ও মারুফ হোসেন (৪র্থ রেফারি)। খেলা শেষে কালীগঞ্জ দলের অধিনায়ক কায়েস ম্যাচ সেরার পুরস্কার জিতেন।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্বে আছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভাষ্যে ছিলেন খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অজিত কুমার ভট্টাচার্য্য জানান, আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের ২য় খেলায় বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমি ও বগুড়া রেইন ফুটবল গ্রুপ অংশগ্রহণ করবে।
কমেন্ট বক্স