আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী সুমনের চিকিৎসার দায়িত্ব নিলেন দামুড়হুদার নবাগত ইউএনও তাছলিমা খাতুন
- আপলোড তারিখঃ
১৭-০৯-২০২১
ইং
মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
দামুড়হুদার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা খাতুন আশ্রয়ন প্রকল্প, দর্শনা ও ভারত সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে আশ্রয়ন প্রকল্পের এক নারী অসুস্থ থাকায় তাঁর চিকিৎসার আশ্বাস দেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
জানা যায়, সরকারি বরাদ্দে আশ্রায়ন প্রকল্পে দামুড়হুদা উপজেলায় মোট ৭৪টি ঘর তৈরি করা হয়। তার মধ্যে প্রথম ধাপে ৩২টি, দ্বিতীয় ধাপে ৩০টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫টি, উপজেলা পরিষদ থেকে ৩টি, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগর টগর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর ব্যক্তিগত তহবিল থেকে ৪টি ঘর তৈরি করা হয়। গত ১২ সেপ্টেম্বর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন যোগদান করার পরেই এ ৭৪টি আশ্রায়ন প্রকল্পের ঘর পরিশর্দন করেন।
এদিকে, আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী সুমন দাসের স্ত্রী শিল্পী দাসের পা ভেঙে গেছে। তিনি চিকিৎসার অভাবে বাড়িতেই অবস্থান করছেন। ইউএনও পরিদর্শনের সময় শিল্পী দাসের খোঁজখবর নেন এবং ভালো চিকিৎসা যাতে হয়, তার ব্যবস্থা গ্রহণের জন্য হাউলী ইউনিয়নের মেম্বার রিকাত আলীকে দায়িত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন, হাউলী ইউনিয়নের তওশীল কর্মকর্তা রকিবুল হাসান প্রমুখ।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন বলেন, দামুড়হুদায় যোগদান করার পরে বিভিন্ন স্থানে গিয়েছিলাম। একটি আশ্রায়ন প্রকল্পের নারী পা ভেঙে অসুস্থ ছিলেন। তাঁর যাতে ভালো চিকিৎসা হয়, তার ব্যবস্থা করা হবে।
কমেন্ট বক্স