পাকা রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ!
- আপলোড তারিখঃ
৩০-০৮-২০২১
ইং
দামুড়হুদার জয়রায়পুরে নওদাপাড়ায় টানা বৃষ্টিতে
মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার জয়রায়পুর নওদাপাড়ার বাসিন্দাদের একমাত্র চলাচলের রাস্তাটি টানা বৃষ্টিতে ভেঙে গেছে। এতে করে ওই এলাকার মানুষের মাঠের ফসল বাড়ি আনতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি দ্রুত সংস্কারে দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রায়পুর নওদাপাড়ার পাকা রাস্তাটি টানা তিন দিনের বৃষ্টিতে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখনি এই রাস্তাটি মেরামত করা না হলে মাঠের ফসল ও চলাচলের অসুবিধা হচ্ছে জনগণের। জয়রায়পুর এলাকায় প্রায় ১৫ হাজার বিঘা জমিতে চাষ করা হয়। এই চাষের ফসল বাড়িতে আনতে হলে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়।
এ বিষয়ে কৃষক আজগার আলী বলেন, ‘এই রাস্তাটি ভেঙে যাওয়ার জন্য আমরা হাঁটা পথেই চলাচল করতে পারছি না। গাড়ি-ঘোড়া তো দূরের কথা। মাঠের ফসল আনতে হলে ভাঙা রাস্তার ও পারে নামিয়ে মাথায় করে এ পারে আনতে হচ্ছে। এতে এক দিকে যেমন খরচ বেড়ে যাচ্ছে, তেমনি সময় ও নষ্ট হচ্ছে। তাই রাস্তাটি দ্রুত মেরামত করা হলে জনগণ উপকৃত হবে।’
হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘আমি শুনেছি রাস্তাটি ভেঙে গেছে। দুই-তিন দিনের মধ্যে রাস্তাটি মেরামত করার ব্যবস্থা করা হবে।’
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, যতদ্রুত সম্ভব আপাতত ব্যাস দেওয়া হবে। এবং শীতের ভেতর রাস্তাটি নতুন করে পাকা করে দেওয়া হবে। তাহলে জনগণের দুর্ভোগ কমে যাবে।
কমেন্ট বক্স