চুয়াডাঙ্গায় বিট অফিসার্সদের সঙ্গে ব্রিফিংকালে পুলিশ সুপার জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলার বিট পুলিশিং কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বিট অফিসার্স ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা চারটায় পুলিশ লাইসের গ্রিলশেডে এ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কনস্টেবল মোস্তাফিজুর রহমান, পবিত্র গীতাপাঠ করেন কনস্টেবল সুজন কুমার রায়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, করোনা অতিমারীর কারণে বিট পুলিশিং কার্যক্রম কিছুটা রহিত ছিল। চুয়াডাঙ্গা জেলার ৫৩টি বিট অফিসারদের নবউদ্যমে একযোগে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিট পুলিশিং কার্যক্রমের বিকল্প নাই। বিট অফিসারদের স্ব স্ব এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে হবে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রত্যেক এলাকায় নিয়মিত পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সতর্কবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম। জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জদের মধ্যে বক্তব্য দেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)।