চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত বৃদ্ধ নারীকে অক্সিজেন সেবা দিল চুয়াডাঙ্গা জেলা বিএনপি
- আপলোড তারিখঃ
০৯-০৮-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৭০’ঊর্ধ্ব এক নারীকে অক্সিজেন সেবা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। ওই নারীর বাড়ি সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে। জানা যায়, গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে স্থাপিত করোনা হেল্প সেন্টারে খবর আসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা আক্রান্ত মুমূর্ষু বৃদ্ধ এক নারীর বুকের এক্স-রে করানো অতিজরুরি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোন থেকে অক্সিজেন সাপোর্ট দিয়ে বুকের ঝুঁকিপূর্ণ এক্স-রে করাতে হবে। কিন্তু সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাইরে এনে এক্স-রে করাতে ব্যর্থ হন রোগীর স্বজনরা।
খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপি কোভিড-১৯ হেল্প সেন্টারের সদস্যরা তাৎক্ষণিক অক্সিজেন সিলিন্ডার নিয়ে সদর হাসপাতালে পৌঁছায়। এসময় অক্সিজেন সেবা দিয়ে রোগীকে নিয়ে তাঁর বুকের এক্স-রে করিয়ে আবারও হাসপাতালে রেড জোনে পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির করোনা হেল্প সেন্টারের দায়িত্বপালনকারী চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো, সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সদর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আমানুল্লাহ বাবুল, আখতারুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী।
কমেন্ট বক্স