ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সমিতিটি
- আপলোড তারিখঃ
০৭-০৮-২০২১
ইং
চুয়াডাঙ্গা রেলবাজার জাগো সঞ্চয় সমিতির অর্থ বিতরণ অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা রেলবাজার জাগো সঞ্চয় সমিতির ৪র্থ মেয়াদপূর্তি ও অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সমিতির মূল উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক বিপুল শরীফের নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাগো সঞ্চয় সমিতির সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘আমি যখন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত হলাম। তখন এ সমিতিটি রেলবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করার মানসে বিপুল শরীফ ও সুস্থিরসহ কিছু তরুণ যুবকের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে। সেই থেকে ব্যবসায়ীদের ব্যবসায়িক সুবিধা দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সমিতিটি। যেখানে অর্থ থাকে সেখানে কিছু সমালোচনা ও জটিলতা সৃষ্টি হয়। কিন্তু এ সমিতির বিষয়ে কোনো জটিলতার কথা আমার কানে আসেনি। সমিতির সকলে এক মানসিকতা পোষণ করেন বলেই এটি সম্ভব হয়েছে। তাই বলি এক ছাতার নিচে থাকতে পারলে বাইরের কোনো ঝড়-জাপটা সদস্যদের গায়ে লাগবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। সমিতির মূল উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক বিপুল শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলবাজার (কাঁচাবাজার) ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দীন বাচ্চু, ব্যবসায়ী দেলোয়ার শরীফ, কাবলু জোয়ার্দ্দার, স্বপন মিয়া, আসাদুল হক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম মালিক, সাংবাদিক রিফাত রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে সমিতির ১০৬ জন সদস্যের মধ্যে তাদের জমাকৃত টাকা মুনাফাসহ প্রায় ১৪ লাখ টাকা বিতরণ করা হয়।
কমেন্ট বক্স