নেতৃস্থানীয়দের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২১
ইং
আন্দুলবাড়ীয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন
নিজস্ব প্রতিবেদক:
জীবননগর আন্দুলবাড়ীয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক জিওবি প্রকল্পের অধীনে সমাজের নেতৃস্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গদের এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার।
ওরিয়েন্টেশন কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধ, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও শিশুর পানিতে ডোবা প্রতিরোধের বিষয়ে সেশন নেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হেলেনা আক্তার নিপা।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা ও জেন্ডার সমতা বিষয়ে সেশন নেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন। তিনি বলেন, ‘আমরা যদি ছোট থেকেই আমাদের সন্তানদের সময় দিই, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করি, তাহলে তারা সমাজে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। ছেলে ও মেয়ে শিশুকে আমরা সমান চোখে দেখব। তাদের মতামতকে গুরুত্ব দেব। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নিজের পরিবারকে সচেতন করার পাশাপাশি আমাদের আশেপাশের লোকজনদের সচেতন করতে হবে।’ উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন আরও বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। জীবননগরেও বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত আছেন। তাই আমাদের আরও বেশি সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।’
করোনাভাইরাস, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং স্যানিটেশনের ওপর সেশন নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান। তিনি বলেন, শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং বাল্যবিবাহ দমনে তৎপর হতে হবে। নিয়মতান্ত্রিকতা, আইনের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম ও রাজনৈতিক সততাই হবে আমাদের প্রতিরোধের মূল শক্তি।
তিনি আরও বলেন, তরুণ সমাজ যেখানে এগিয়ে আসে, সেটার সফলতা নিশ্চিত থাকে। তাই তরুণ সমাজকে দায়িত্ব নিয়ে তাদের প্রত্যেকের নিজ-নিজ এলাকায় এই সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। আর সব কথার এক কথা বর্তমান সময়ে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতন হতে হবে।
ওরিয়েন্টশন কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি বাবু নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া কলেজের প্রভাষক বাবুল আক্তার, আলমগীর কবির, কাজী মাওলানা মনিরুজ্জামান, পুরোহিত স্বপন চক্রবর্তী, ইউপি সচিব হাসানুজ্জমান হাসানসহ ইউপি সদস্য, শিক্ষক, এনজিও কর্মীসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
কমেন্ট বক্স