মোবারকগঞ্জে সুন্দরবন এক্সপ্রেসের যাত্রাবিরতি শুরু
- আপলোড তারিখঃ
১১-০৬-২০২১
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা হতে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় প্রাণের দাবি পূরণে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতির উদ্ধোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় ট্রেন যাত্রী ও সাধারণ মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আনোয়ারুল আজীম আনার বলেন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থায় রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতিতে কালীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহফুজুর রহমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু, মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কমিশনার মেহেদী হোসেন সজল, গণমাধ্যম কর্মীসহ উৎসুক জনতা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে ট্রেনের যাত্রী, ট্রেনের চালক, পরিচালকসহ রেল কর্মকর্তাদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার শাহাজান হোসেন জানান, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ৭২৫ নম্বর (আপ) খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি প্রতিদিন রাত ১১টা ৪৮ মিনিটে এবং ঢাকা থেকে ফিরে আসা সুন্দরবন এক্সপ্রেস ৭২৬ নম্বর (ডাউন) ট্রেনটি রাত ৩টা ৫০ মিনিটে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে ২ মিনিট যাত্রাবিরতি করবে। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।
উল্লেখ্য, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ রাতে ট্রেনের যাত্রীদের যাতায়াত করার জন্য রেল স্টেশন অঞ্চলসহ মেইন বাস রাস্তা থেকে রেল স্টেশনে যেতে কোনো মানুষ ক্ষতির সম্মুখীন না হয়, এ জন্য ১ কিলোমিটার রাস্তা আলোকসজ্জা করে দিয়েছেন।
কমেন্ট বক্স