ষোলটাকা ও মটমুড়া ইউনিয়নের জয়লাভ
- আপলোড তারিখঃ
২৯-০৫-২০২১
ইং
গাংনীতে আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
প্রতিবেদক, মেহেরপুর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান।
পৌরসভা ও ৯টি ইউনিয়ন মিলে মোট ১০টি টিমের মধ্যে দুটি ভেন্যুতে ২৮/০৫/২০২১ইং তারিখে শুরু হয়ে ০২/০৬/২০২১ইং তারিখে শেষ হবে। ভেন্যু দুটি হলো- জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ ও গাংনী পাইলট মাধ্যমিক ফুটবল মাঠ। খেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আতর আলী।
প্রথম দিনের উদ্বোধনী প্রতিযোগিতায় গাংনী পাইলট মাধ্যমিক ফুটবল মাঠে ষোলটাকা ইউনিয়ন ফুটবল একাদশ রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়েছে। অপর দিকে, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে মটমুড়া ইউনিয়ন ফুটবল একাদশ তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেছে। খেলা শেষে সেরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কমেন্ট বক্স