চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সদর উপজেলার ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে সদর উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর পশ্চিমপাড়ার রুস্তম আলীর স্ত্রী রহিমা বেগমকে ১৫ হাজার টাকার কাপড় এবং ছয়ঘরিয়া গ্রামের মৃত জব্বার মালিথার ছেলে হায়দার আলীকে ১০ হাজার টাকার মুদিখানার মালামাল কিনে দেওয়া হয়।
উপকরণ বিতরণকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে চলেছেন। ভিক্ষুকদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় উপকরণ ও আর্থিক অনুদান পর্যায়ক্রমে আরও ৭ জনকে প্রদান করা হবে। যাদেরকে এ অনুদান প্রদান করা হলো, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে। তারা যেন এই অনুদান নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন।
কমেন্ট বক্স