সড়কজুড়ে কাঁদা-মাটি, জনদুর্ভোগ চরমে!
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০২১
ইং
জীবননগর-কালীগঞ্জ সড়ক ইটভাটার মাটিতে কর্দমাক্ত
জীবননগর অফিস:
জীবননগর-কালীগঞ্জ সড়কে ইটভাটার মাটিতে সড়কজুড়ে কাঁদায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে করে প্রতিনিয়ত ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। সরেজমিনে দেখে গেছে, জীবননগর বিজিবি চেকপোস্ট থেকে কন্দর্পপুর পর্যন্ত সড়কটির পাশে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। ইটভাটায় ইট তৈরির মাটি ভাটা মালিকরা ট্রাক্টরযোগে প্রতিনিয়ত ফসলি জমির মাটি কেটে নিয়ে আসছে। ট্রাক্টর দিয়ে মাটি আনা নেওয়ার সময় ট্রাক্টর থেকে ছিটকে পড়া মাটি রাস্তায় জমা হয়ে থাকে। সামান্য বৃষ্টির পানিতে রাস্তায় পিচ্ছিল কাঁদার সৃষ্টির হয়ে প্রতিনিয়ত ছোট-খাটো দুর্ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার দুপুরে সামান্য বৃষ্টিতে জীবননগর বাঁকা ব্রিক্স ফিল্ড মোড়ে ৩৫-৪০টি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার ধারে ইটভাটার মাটি স্তুপ করে ও ট্রাক্টরে মাটি বহনের ফলে রাস্তাটি জনসাধারণের চলাচলে সমস্যার সৃষ্টি হলেও প্রশাসনিকভাবে দেখার কেউ নেই। তাঁদের দাবি, সড়কগুলোতে অবৈধ মাটি পরিবহন বন্ধে এখনই প্রশাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে, না হলে বর্ষা মৌসুমে বড় ধরনের প্রাণহানীর আশঙ্কা রয়েছে।
এদিকে, রাস্তার বিষয়টি জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলামের দৃষ্টিগোচর হলে পৌরসভার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার পৌর এলাকায় সকল ধরনের মটি ও বালি বহনকারী ট্রাক্টর, ট্রলি ও ট্রাক বন্ধে মাইকিং করা হয়। আইন অমান্যকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
কমেন্ট বক্স