বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৬-০৪-২০২১
ইং
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৮ অ্যাম্পুল
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে আসলাম আলী (৪৫) ও ফাতেমা খাতুন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০৮ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন।
গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন মল্লিকপাড়া ও সদর উপজেলার হাতিকাটা মোড়পাড়ায় অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন মল্লিকপাড়ার আশরাফ আলীর ছেলে আসলাম আলী ও হাতিকাটা গ্রামের মোড়পাড়ার সুরুজ আলীর স্ত্রী ফাতেমা খাতুন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পুরাতন মল্লিকপাড়া ও হাতিকাটা মোড়পাড়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন মল্লিকপাড়ার আশরাফ আলীর ছেলে আসলাম আলীকে তাঁর বাড়ি থেকে ২ পিস ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করা হয়। আর হাতিকাটা গ্রামের মোড়পাড়ার সুরুজ আলীর স্ত্রী ফাতেমা খাতুনকে তাঁর বাড়ি থেকে ৫০৬ পিস ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মোট ৫০৮ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনের আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার ৪ শ টাকা।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে আসলাম আলীকে মাদকদ্রব্য আইনে ৪ মাসের জেল ও ৫ শ টাকা জরিমানা করা হয় ও অপর আসামি ফাতেমা খাতুনকে উদ্ধারকৃত বুপ্রেনরফাইন ইনজেকশনসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর ও তাঁর স্বামী সুরুজ আলীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিনসহ ৯ সদস্যের একটি দল।
কমেন্ট বক্স