আগুনে তিন দোকান ভস্মীভূত, লক্ষাধিক টাকার ক্ষতি!
- আপলোড তারিখঃ
১৮-০৩-২০২১
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগর উথলীর শিয়ালমারী পশুহাটে দীর্ঘদিন ধরে বাঁশের তৈরি ঝুড়ি, চাটাই, খাঁচা থেকে শুরু করে নানা রকম পণ্যের ব্যবসা করে আসছিলেন সুবল দাস ও আন্না দাসী। তার পাশেই জুলু হোসেনের চায়ের দোকান। প্রতি বৃহস্পতিবার শিয়ালমারী পশুহাট বসে। যা এ অঞ্চলের সর্ববৃহৎ পশুহাট হিসেবে পরিচিত। রাত পোহালে হাটবার। তাই আগের দিন দোকানভর্তি মালামাল সাজিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের জীবন-জীবিকার এই একমাত্র অবলম্বনে আঘাত হানল সর্বনাশা আগুন। শুকনা পাতায় লাগানো আগুনে পুড়ে ভস্মীভূত হলো সব। ঘটনাটি গতকাল বুধবার দুপুরের জীবননগর উপজেলার উথলী শিয়ালমারী পশু হাটের।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের মতোই হাটের আগের দিন পর্যাপ্ত মালামাল দোকানে সাজিয়ে রেখেছিলেন তাঁরা। দুপুরের দিকে কে বা কারা আশেপাশে ছড়িয়ে থাকা শুকনাপাতায় আগুন লাগিয়ে দেয়। সেখান থেকেই আগুন লাগে দোকানে। এসময় জীবননগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে ততক্ষণে তিনটি দোকানের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন- জীবননগর উথলীর শ্রী ঝড়ু দাসের ছেলে সুবল দাস, অধীর দাসের স্ত্রী আন্না দাসী ও একতারপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে চা-দোকানি জুলু হোসেন।
কমেন্ট বক্স