চুয়াডাঙ্গায় কাল বসছে সাধু-বাউলদের মিলনমেলা
- আপলোড তারিখঃ
১৭-০৩-২০২১
ইং
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলায় সদর মঞ্জিলে আগামীকাল বৃহস্পতিবার সকালে বসছে দেশের সাধু-বাউলদের অন্যতম বৃহৎ মিলনমেলা। দীর্ঘ ২০ বছরের ধারাবাহিকতায় খাজা শাহ সুফি সদর উদ্দিন আহমেদ চিশতীর (আ.)-এর স্মরণে এবছরও চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার এই আসর বসছে। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সাধক ফকির লালন শাহের আখড়ার পর বাউলদের সবচেয়ে বড় মিলনমেলা বসে এই মঞ্জিলে, যেখানে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলা থেকে অসংখ্য সাধু-গুরু এই মিলনমেলায় যোগ দেন। বৃহস্পতিবার মূল অনুষ্ঠান হলেও গতকাল মঙ্গলবার থেকেই দূর-দূরান্ত থেকে বাউল-সাধুরা সদর মঞ্জিলে আসতে শুরু করেছে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলায় নয়বিঘা জমির ওপর খাজা শাহ সুফি সদর উদ্দিন আহমেদ চিশতী (আ.) এর দরবার (সদর মঞ্জিল )অবস্থিত। তরিকতে আহলে বাইত বাংলাদেশের প্রবক্তা সদর উদ্দিন চিশতী (র.) ২০০০ সালে চুয়াডাঙ্গায় আসেন। তাঁর পদার্পণকে স্মরণে রাখতে স্থানীয় ভক্ত-অনুসারী শহরের ফেরিঘাট সড়কের বিশিষ্ট ব্যবসায়ী ওহিদ হোসেন চিশতী সদর মঞ্জিল স্থাপন করেন। সেই থেকে প্রতিবছর চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার এই মঞ্জিলে সাধু-বাউলদের আসর বসে।
ওহিদ হোসেন চিশতী জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে এবারের বিশেষ আয়োজন। উৎসবে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশপথে বসানো হবে বিশেষ চৌকি। যেখান থেকে প্রত্যেককে স্যানিটাইজ করা হবে। মাস্ক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আয়োজনে অন্তত পাঁচ হাজার মানুষের সমাগত হবে। অংশগ্রহণকারীদের দরবারে অবস্থানকালে নিখরচায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া, সাধ্যমত নতুন পোশাক দেওয়া হবে। তিনি, বিশেষ এই আয়োজন সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন।
কমেন্ট বক্স