ঝিনাইদহে আগুনে পুড়ে মারা গেল তিনটি গরু
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামে আগুনে পুড়ে মারা গেছে দুই কৃষকের ৩টি গরু। সেই সাথে ভষ্মিভূত হয়েছে বসতঘরসহ ৩টি ঘর। গত শনিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের আব্দুল মান্নান জানান, রাতে ঘরে ঘুমিয়েছিলেন তাঁরা। রাত ১১টার দিকে তাঁর গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে তার গোয়াল, বসতঘর ও তার ভাই লাল্টুর ঘরে। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে পুড়ে যায় মান্নানের ৩টি গরুসহ ২ জনের বসত ঘর। আব্দুল মান্নান বলেন, ‘আমার ৮ দিনের এড়ে বাছুরসহ ৩টি গরু পুড়ে মারা গেছে। আশা ছিল, গরুর যে দুধ হবে, তা বিক্রি করে সংসার চালাব। আমার এখন সব শেষ ভাই। আমি তো পথে বসে গেলাম।’ এদিকে অগ্নিকাণ্ডের পর গতকাল রোববার সকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, শুকনা খাবারসহ আর্থিক সহযোগিতা করা হয়েছে।
কমেন্ট বক্স