যশোর ক্রিকেট কোচিং সেন্টার চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
১১-০৩-২০২১
ইং
ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
রিয়াজ মোল্যা, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে ১৬ দলীয় ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে যশোর ক্রিকেট কোচিং সেন্টার জয়লাভ করেছে। গতকাল বুধবার তারা স্বাগতিক কালীগঞ্জ ক্রিকেট একাডেমিকে ৩১ রানে পরাজিত করে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন ও রানাস আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি চেক তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে গতকাল বুধবার দুপুরে ভূষন হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচটির শুভ সূচনা করেন বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
টসে জিতে যশোর ক্রিকেট দল জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালাতে থাকে যশোর দলের ব্যাটসম্যানরা। তারা ২০ ওভারে ৬ ইউকেট হারিয়ে ২০২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক কালীগঞ্জ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে সক্ষম হয়। ফলে ৩১ রানের ব্যবধানে যশোর একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। কালীগঞ্জ দলের অধিনায়ক সোহাগ সর্বোচ্চ ৭২ রান এবং বিজয়ী দলের সোহেল ৫০ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের ঘোষণা মোতাবেক খেলোয়াড়দের নগদ টাকা পুরস্কার দেওয়া হয়।
খেলা শেষে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহসভাপতি বাবু অজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াকত আলী, কালীগঞ্জ ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি স্বরজিত দাস, বর্তমান সভাপতি অ্যাড. আজিজুর রহমান, যশোর ক্রিকেট কোচিং সেন্টারের আজিম হোসেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সম্পাদক লুৎফর রহান লাড্ডু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন, সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম, ক্রীড়া ফেডারেশনের সদস্য ওবাইদুল হক মেহেদি, ক্রিকেট কোচ মশিউর রহমান নয়নসহ অন্যান্য কর্মকর্তাগণ। এ টুর্নামেন্টের ১৬টি খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছে অনলাইন পোর্টাল ‘খবর কালীগঞ্জ ডট কম’ এবং মিডিয়া পার্টনার হয়েছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন খন্দকার রোকন উদ্দিন ও এম সাইদুর রহমান শাহিন এবং অফিসিয়াল স্কোরার ছিলেন বাবু কার্তিক ভট্টাচার্য্য। ধারাভাষ্যে ছিলেন, খোরশেদ আলম ও সজিব হোসেন।
কমেন্ট বক্স