আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বরণ
- আপলোড তারিখঃ
১১-০২-২০২১
ইং
গাংনী অফিস:
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে নবনির্বাচিত গাংনী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের বরণ করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও ১২ জন কাউন্সিলর। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন স্থানীয় আওয়ামী লীগের প্রাণ পুরুষ হিসেবে পরিচিত আহম্মেদ আলী। বিকেলে পৌরসভা কার্যালয়ে মেয়র আহম্মেদ আলী ও কাউন্সিলরবৃন্দ পৌঁছুলে তাঁদেরকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক ইনামুল হক, পৌর সচিব শামীম রেজা ও উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কাসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে, দীর্ঘ পাঁচ বছর পর নৌকা প্রতীকের বিজয়ী মেয়র দায়িত্বভার গ্রহণ করবেন তাই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের সীমা ছিল না। তাইতো নেতা-কর্মী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে। বিদায়ী প্যানেল মেয়র মলিদা খাতুনের সভাপতিত্বে আনুষ্ঠানিকতা শুরু হয়। মেয়র আহম্মেদ আলী, সংরক্ষিত ১নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজা খাতুন, সংরক্ষিত ২নং ওয়ার্ড কাউন্সিলর ঝর্না খাতুন ও সংরক্ষিত ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাজেদা খাতুন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সামিউল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আছেল উদ্দীন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দীন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মকছেদ আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলাম ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল ইসলাম খোকন দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন গাংনী থানার পরিদর্শক তদন্ত (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মাহমুদ হাবীসসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। এর আগে মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন নব নির্বাচিত গাংনী পৌর পরিষদ। গেল ১৬ জানুয়ারী গাংনী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন আহম্মেদ আলী। এর আগে তিনি দুই বার নির্বাচিত মেয়র ছিলেন।
কমেন্ট বক্স