নারীদের অধিকার নিয়েই কাজ করবেন তাঁরা
- আপলোড তারিখঃ
০১-০২-২০২১
ইং
আওয়াল হোসেন, দর্শনা:
দর্শনা পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত তিন নারী কাউন্সিলর কাজ করতে চান নারীদের অধিকার নিয়ে। তরুণ ও নারী ভোটারের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন কাজের মাধ্যমে তাঁর প্রতিদান দিতে চান তাঁরা। গত শনিবার দর্শনা পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন বিলকিস খাতুন, ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে জাহানার খাতুন এবং ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সুরাতন বেগম।
গতকাল রোববার সময়ের সমীকরণকে মহিলা সংরক্ষিত আসনে দুই বারের নির্বাচিত বিলকিস খাতুন বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি নারী প্রতিনিধি হিসেবে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। তাঁদেরকে সকল সুযোগ সুবিধার আওতায় নিতে চাই। আমার এলাকায় যাদের প্রয়োজন শুধু তারাই বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃকালীন ভাতা পাবেন। আমি সবকিছুই সঠিক বণ্টন করবো। এছাড়া রাস্তা-ঘাটের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করব।’
দর্শনা পৌরসভা তিন বারের নির্বাচিত জাহানার খাতুন বলেন, ‘তিনটি ওয়ার্ড নিয়ে পাশ করেছি বিপুল ভোটে। আমি একজন নারী তাই নারীদের পাশে দাঁড়াতেই পারি। সমাজে তাঁদের অধিকার প্রতিষ্ঠা করা আমার কাজ। আমার এলাকায় কোনো মেয়ের বাল্যবিবাহের শিকার হবে না। এতোদিন নারীদের পাশে ছিলাম আগামীতেও তাঁদের পাশে থাকতে চাই।’
দুইবারের নির্বাচিত মহিলা সংরক্ষিত আসনে বিজয়ী কাউন্সিলর সুরাতন বেগম বলেন, ‘আমাদের দেশে নারীরা এখনও অবহেলিত। নিয়মিত তাঁরা বাল্যবিবাহের শিকার হচ্ছে। রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাচল করতে পারে না। আমি আমার নির্বাচনী এলাকায় এই সকল প্রতিকূলতা থেকে নারীদেরকে মুক্তি দিতে চাই। তাঁরা এগিয়ে যাবে। দর্শনার নারীরা একদিন সারা দেশের জন্য মানুষের পাশে দাড়াবে এই স্বপ্ন নিয়ে আমি কাজ করছি।’
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি শনিবার দর্শনা পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে বিলকিস খাতুন (চশমা) প্রতীকে ৩ হাজার ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আম্বিয়া খতুন (আনারস) প্রতীকে ২ হাজার ৪২০ ভোট পেয়েছিলেন। ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে জাহানার খাতুন (চশমা) প্রতীকে ৩ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি আক্তার (আনারস) প্রতীকে ২ হাজার ৩৬৯ ভোট পেয়েছিলেন। ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সুরাতন বেগম (আনারস) প্রতীকে ২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিমা বেগম (জবাফুল) প্রতীকে ১ হাজার ৯৭১ ভোট পেয়েছিলেন।
কমেন্ট বক্স