জানাজায় হাজারো মানুষের ঢল, বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
২৩-০১-২০২১
ইং
চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রুস্তম আলীর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রুস্তম আলী (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রুস্তম আলী চুয়াডাঙ্গা সদরের হায়দারপুর গ্রামের মরহুম রইসউদ্দিন বিশ্বাসের চতুর্থ ছেলে। তাঁর স্ত্রী সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম রুস্তম আলীর চাচাতো ভাই সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম জানান, সকাল থেকেই রুস্তম আলী বুকে ব্যথা অনুভব করছিলেন। সকাল নয়টায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল চারটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। রাত নয়টায় চুয়াডাঙ্গা সদরের হায়দাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে হায়দারপুর কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।
এদিকে, সদাহাস্যউজ্জ্বল শিক্ষক রুস্তম আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁকে শেষবারের মতো এক নজর দেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ ভিড় জমায় তাঁর বাড়িতে। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান প্রিয় শিক্ষককে। শিক্ষক রুস্তম আলীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মেহজেবীন, দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কমেন্ট বক্স