দামুড়হুদার ছুটিপুরে ফসলি জমি ও সড়কের ধারে গভীর গর্ত করে বালি উত্তোলন
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামে সড়কের পাশে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। প্রায় দু’মাস ধরে তিনি ছুটিপুর ধাপাড়ে মাঠের পাকা রাস্তার পাশে গভীর গর্ত করে বালি উত্তোলন করায় চরম ক্ষতির মুখে পড়েছে পাকা রাস্তাটি। এদিকে, আশপাশের আবাদী জমির পাশেই গভীর গর্ত হওয়ার কারণে ফসলি জমি ধ্বসে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। বালিভর্তি ট্র্যাক্টর প্রতিনিয়ত যাওয়া-আসার কারণে গ্রামের পাকা রাস্তা দেবে গেছে। ভবিষ্যতে ধ্বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করছেন স্থানীয়রা। সরেজমিন দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামের মৃত ইমাজউদ্দীন শেখের ছেলে স্থানীয় আওয়ামী লীগ মো. শান্তি রহমান গ্রামের পাকা রাস্তার এবং ফসলি জমির পাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছে। দীর্ঘ ৭০/৮০ ফুট গভীর গর্ত করে বালি উত্তোলন করায় পাশের আবাদী জমি ধ্বসে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসাথে গ্রামের প্রধান সড়কটিও ভাঙনের আশঙ্কায় রয়েছে। মাসদেড়েক আগে গ্রামবাসীরা এধরণের বেশকয়েকটি সমস্যার বিষয়ে বালি উত্তোলনকারী শান্তিকে জানালে, তিনি গ্রামবাসীর কথা তোয়াক্কা না করেই ক্ষমতার দাপট দেখান। ওই সময় স্থানীয়দের পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বেশকয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। এ বিষয়ে অভিযুক্ত বালি উত্তোলনকারী শান্তি রহমানের যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কমেন্ট বক্স