আলমডাঙ্গাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
১০-০১-২০২১
ইং
চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষ অনুর্ধ-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষ অনুর্ধ-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ৫ ইউকেটে আলমডাঙ্গা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাটিং করে আলমডাঙ্গা উপজেলা দল ১০১ রান সংগ্রহ করতে সমর্থ হয়। জবাবে স্বাগতিক সদর উপজেলা দল ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ম্যান অব দ্য ফাইনাল, হাইয়েস্ট উইকেট টেকার ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের জিলহাজ। এ ছাড়া সর্বোচ্চ (৪ ম্যাচে ১২৯ রান) রান সংগ্রহকারী হিসেবে পুরস্কার লাভ করেন আলমডাঙ্গা উপজেলা দলের সালসাবিল।
ফাইনাল খেলা শেষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নুরুন্নাহার কাকলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মিলন বিশ্বাস, কোষাধ্যক্ষ টুটুল মোল্লা, নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, মহসিন রেজা, আবু রায়হান, আব্দুল মালেক, শিমুল শেখ রাসেল, রাশেদুল ইসলাম, রোকনুজ্জামান, মমিন, চুয়াডাঙ্গা অনূর্ধ-১৪ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মহলদার ইমরান রিণ্টু।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ৩ জানুয়ারি মুজিব শতবর্ষ উপলক্ষে অনূর্ধ-১৮ আন্তঃউপজেলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। জেলার ৪টি উপজেলা দল নিয়ে প্রতিযোগিতা শেষে গতকাল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। ফাইনাল খেলাটি পরিচালনা করেন আব্দুল মালেক ও ফরজুন আলী।
কমেন্ট বক্স