খোকন প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ
- আপলোড তারিখঃ
০৯-০১-২০২১
ইং
মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম খোকন পরিষদ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে আমিনুল ইসলাম খোকন পরিষদ ১০টি পদের মধ্যে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ৯টি পদে জয়লাভ করে। অপর একটি পদে নুরুল ইসলাম প্যানেলের ইলিয়াস হোসেন জয়লাভ করেছেন। শুক্রবার সকাল ৯টায় মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরে এ নির্বাচন শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন উপলক্ষে ১০টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম খোকন (দেওয়াল ঘড়ি প্রতীকে) ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম (ছাতা প্রতীকে) পান ২৪ ভোট। সহসভাপতি পদে মোয়াজ্জেম হোসেন (মই প্রতীকে) ৪৭ ভোট, রাহিনুজ্জামান পলেন (দোয়াত কলম প্রতীকে) ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে মিরাজুল ইসলাম (হাতি প্রতীকে) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান খান (টেলিফোন প্রতীকে) ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার ও জনসংযোগবিষয়ক সম্পাদক পদে নাজমুল হাসান (চেয়ার প্রতীকে) ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে রিপন রেজা (সেলাই মেশিন প্রতীকে) ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে নুরুল ইসলাম প্যানেলে একমাত্র বিজয়ী সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইলিয়াস হোসেন (মাছ প্রতীকে) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে কোষাধ্যক্ষ পদে সাহেদুজ্জামান রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রউফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে নির্বাচনে বিজয় লাভের পরে খোকন পরিষদকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সমর্থকরা।
কমেন্ট বক্স