মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসহায়ের দৃষ্টি ফিরিয়ে দিতে চান এসআই হাবিবুর

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২১ ইং
অসহায়ের দৃষ্টি ফিরিয়ে দিতে চান এসআই হাবিবুর
প্রতিবেদক, মেহেরপুর: দৃষ্টিহীন বৃদ্ধা উলফাতুন নেছা ও রিজিয়ার দুঃখের সংসারের খবর পেয়ে তাঁদের দুঃখ ঘুচাতে ছুটে গেলেন মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার এসআই শরীফ হাবিবুর রহমান। এই দুই অসহায় মা-মেয়ের মাথা গোজার ঠাঁইসহ দৃষ্টি ফিরিয়ে দেওয়ার সকল দায়িত্ব নিয়েছেন তিনি। জানা গেছে, ৭০ বছর বয়সী বৃদ্ধা উলফাতুন নেছা তাঁর একমাত্র মেয়ে রিজিয়া খাতুনকে নিয়ে মেহেরপুর শহরের অদূরে কালাচাঁদপুরে ইয়ার আলীর বাঁশ বাগানে টিনের বেড়া দিয়ে কোনোরকমে বসবাস করে আসছিলেন। উলফাতুন নেছার স্বামী অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। রেখে গেছেন স্ত্রী উলফাতুন নেছাসহ এক ছেলে ও মেয়েকে। মেয়ে রিজিয়ারও স্বামী গত হয়েছে অনেক আগেই। স্বামী গত হবার পর তাঁর ঠাঁই হয় মায়ের কাছেই। কিন্তু সংসারের হালধরার একমাত্র ছেলে তাঁদের ছেড়ে চলে গেছেন। তিন বছর পূর্বে উলফাতুন নেছার দুটি চোখ অন্ধ হয়ে যায়। সে থেকে তিনি চলাফেরা করতে পারেন না। উলফাতুন নেছার মেয়ে রিজিয়া খাতুন পরের বাড়িতে কাজ করে যা পান, তা দিয়েই কোনো রকমে দিন চলে। এমন খবর পেয়ে মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার এসআই শরীফ হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার ব্যাগভর্তি বাজার নিয়ে ওই বাড়িতে উপস্থিত হন। ডাকতে থাকেন বৃদ্ধাকে। বৃদ্ধার মেয়ে রিজিয়া খাতুন পুলিশ দেখে ভয়ে নির্বাক হয়ে পড়েন। পরিস্থিতি সামলে নিয়ে তিনি তাঁর বৃদ্ধা মাকে ডাকতে বলেন। বৃদ্ধা বেরিয়ে আসার সাথে সাথে তাঁর হাতে বাজারভর্তি ব্যাগ তুলে দিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। এসময় মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার এসআই শরীফ হাবিবুর রহমান বলেন, ‘আমি মেহেরপুর পৌর এলাকাধীন কালাচাঁদপুরের অন্ধ প্রতিবন্ধী উলফাতুন নেছার দুই চোখ অপারেশন করার ব্যবস্থা গ্রহণ করাসহ তাঁর ঘর তৈরি করে দেওয়ার দায়িত্ব নিলাম। এর জন্য যত টাকা খরচ হয়, সেই টাকা খরচ করব।’ উল্লেখ্য, শরীফ হাবিবুর রহমান মেহেরপুর সদর থানায় যোগদান করার পর থেকেই গরীব-দুঃখী, অসহায় প্রতিবন্ধীসহ বিভিন্ন ব্যক্তিকে আর্থিক ও খাদ্য-সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ