ডিসির কাছে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির আবেদন
- আপলোড তারিখঃ
০৭-০১-২০২১
ইং
নির্ধারিত রঙে নিজ নিজ এলাকায় চলাচলে সহযোগিতা করার উদ্যোগে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অটোবাইক মালিক ও চালকদের আলাদা আলাদা নির্ধারিত রঙে নিজ নিজ এলাকায় চলাচলের জন্য প্রচার কার্যক্রম ও সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর সহযোগিতা করার অনুমতি চেয়েও একটি আবেদন করে তারা। সংগঠনের সভাপতি মুনতাজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আলাদা আলাদা রঙে নিজ নিজ উপজেলায় চলাচলের জন্য বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা দুদিন মাইকিং ও সাংগঠনিক প্রচার করেছে। যদি জেলা প্রশাসকের অনুমতি পাওয়া যায়, তবে আইনশৃঙ্খলা কমিটিতে একটি উপজেলার গাড়ি অন্য উপজেলায় চলাচল না করতে পারার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা প্রতিটি উপজেলার শেষ স্থানে সংগঠনের দুজন কর্মী প্রদান করবে।
বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু বলেন, ‘আমরা প্রশাসনের সকল সিদ্ধান্তই বাস্তবায়ন করতে চাই। সেজন্য কর্মী দিতেও প্রস্তুত। আমরা ইতোমধ্যে প্রচারসহ সদস্যদের নির্দেশনাও দিয়েছি। আমরা চাই প্রত্যেক চালকের পরিচয়পত্র থাকবে। অপ্রাপ্ত বয়স্করা গাড়ি চালাবে না। বাইরের উপজেলায় যেতে হলে, রিজার্ভ স্লিপ নিতে হবে। সবমিলিয়ে পুরো বিষয়টাকে আমরা পরিচ্ছন্ন হিসেবে চাই। আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রমও করব। যাতে কোনো প্রকার সমস্যা না হয়।’
কমেন্ট বক্স