গাঁজাসহ আটকের পর দুজনের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
০৫-০১-২০২১
ইং
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী মুসলিমপাড়ার আনছার আলীর ছেলে আব্দুর রশিদ (৪৫) ও পৌর এলাকার কেদারগঞ্জ মহিলা কলেজপাড়ার মৃত আলী উজ্জামানের ছেলে আহসানুর রহমান তোতা বিশ্বাস (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে বেলাগাছী মুসলিমপাড়ার মাদক ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে ২ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
অপর দিকে, গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই টিম মহিলা কলেজপাড়ার মাদকসেবী আহসানুর রহমান বিশ্বাস তোতার বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আহসানুর রহমান বিশ্বাস তোতাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স