দেশে আরও ২২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৫
- আপলোড তারিখঃ
৩১-১২-২০২০
ইং
চুয়াডাঙ্গায় করোনার সবগুলো ফলাফল নেগেটিভ, সুস্থ ৫
সমীকরণ প্রতিবেদন:
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৩১। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জন। গতকাল বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৫০৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন পরীক্ষাগারে ১৫ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গতকাল আক্রান্তের হার ছিল ৮ দশমিক ১১ শতাংশ। অন্যদিকে আক্রান্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। অবশ্য গত দুই সপ্তাহ নতুন রোগী শনাক্ত কমেছে। এই দুই সপ্তাহ ধরে রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে, বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনার সবগুলো ফলাফলই নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬৪১ জন। গতকাল বুধবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল দামুড়হুদা উপজেলা থেকে আরও ৫জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৪ জন।
জানা যায়, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ১৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত ১৫টি নমুনার ফলাফলই নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ১১টি, আলমডাঙ্গা থেকে ৩টি ও জীবননগর থেকে ৩টি নমুনাসহ মোট ১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৩৪৭টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ১৫৪টি, পজিটিভ ১ হাজার ৬৪১টি, নেগেটিভ ৫ হাজার ৭২৯টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ২৫ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৪ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
কমেন্ট বক্স