বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১১৩৪

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২০ ইং
দেশে ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১১৩৪
চুয়াডাঙ্গায় করোনার ফলাফল নেই, নমুনা সংগ্রহ ২৭ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। অবশ্য কয়েক দিন ধরে নতুন রোগী শনাক্ত দুই হাজারের কম। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শনাক্তের নতুন কোন ফলাফল নেই। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬২৮ জন। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। জানা যায়, গত বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোন নমুনা প্রেরণ করেনি। গতকাল জেলায় নতুন কেউ সুস্থও হয়নি। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৩ জন। তবে গতকাল করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্যবিভাগ সদর উপজেলা থেকে ২৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ২২৭টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৯৮৯টি, পজিটিভ ১ হাজার ৬২৮টি, নেগেটিভ ৫ হাজার ৫৭৬টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৪৪ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৮ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ