বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হামিদুল আজমের ৬৫তম জন্মবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২০ ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হামিদুল আজমের ৬৫তম জন্মবার্ষিকী পালন
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কবি, সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ও দৈনিক সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা অফিস প্রধান বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজমের ৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তাঁর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। এ সময় ইউএনও মো. লিটন আলী বলেন, ‘হামিদুল ইসলাম আজম একজন বহুমুখী প্রতিভার নাম। তিনি একাধারে, নাট্যাভিনেতা, নাট্যকার, কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রাবন্ধিক, ফুটবলার, বাচিক শিল্পী, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি এ উপজেলায় যোগদানের পর থেকে তাঁকে দেখছি। সাংবাদিক হিসেবে সাহিত্য পরিষদ গঠন করার বেশ কিছুদিন পর আজম সাহেব আমাদের সঙ্গে যোগ দেন। আজ বলতে দ্বিধা নেই হামিদুল আজম সাহিত্য পরিষদে যোগ দেওয়ার পর সাহিত্য পরিষদ গতিশীল হয়েছে। আমি তাঁর সার্বিক মঙ্গল কামনা করছি।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দদিন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) স্বপন কুমার দাস, রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পরিষদের সভাপতি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হাজি বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক আ ফ ম সিরাজ সামজি, আলমডাঙ্গা সাংস্কৃতিক জোটের সভাপতি ডা. অমল কুমার ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস ও মীর ছামছদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার রশিদ সাগর। এ সময় কবি হামিদুল ইসলাম আজম তাঁর অনুভূতি ব্যক্ত করে জানান, ‘আমি ছোট বয়স থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। বিশেষ করে নাটকের প্রতি আমার বরাবরই ঝোক ছিল। নাটক লেখা, মঞ্চ করা, রেডিও নাটক করা, টেলিভিশনে নাটক করার শখ ছিল। সবই একে একে করেছি। কিন্তু বয়সটা ততদিনে অনেক দূর গড়িয়ে গেছে। মাত্র ১৪ বছর ৫ মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে গেছি। আজ বয়স বেড়েছে, কিন্তু মনের জোরে এখনও সব কাজ করে বেড়াচ্ছি।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, সহকারী শিক্ষক ও গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সংগীত শিল্পী ডা. আতিক বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে তাঁর জন্মদিন পালন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ