আমি কোনো অবৈধ সম্পদ তৈরি করিনি
- আপলোড তারিখঃ
২০-১১-২০২০
ইং
চুয়াডাঙ্গায় গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময়কালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌরসভা নির্বাচনে পুনরায় মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নির্বাচনী গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বাদলের মোড়, হাসপাতাল রোড, ‘ট’ বাজারসহ চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বনানীপাড়ায় স্থানীয় মহিলাদের সঙ্গে উঠান বৈঠক ও রাতে পৌরসভার মুক্তিপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময়কালে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘আমি মেয়র হওয়ার পর একটা মানুষের সঙ্গেও খারাপ ব্যবহার করিনি। কারণ তাদের দেওয়া ভোটেই আমি মেয়র। একজন মেয়র মানে নাকি অনেক টাকা। আমার পরিষদের মাধ্যমে কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, একটি টাকাও আমি নিই না। ইনকাম করতে হলে ঠিকাদারের সঙ্গে লাইন রাখতে হবে। কাজে ভাগ বসাতে হবে। আমি এসব করিনি। গত নির্বাচনে আমি একটি হলফনামা দিয়েছিলাম। সেখানে আমার সম্পদের বিববরণ ছিল। এই নির্বাচনেও আমি একটি হলফনামা দেব। আপনারা মিলিয়ে দেখবেন, জিপু কত টাকার সম্পদের মালিক। আমি কোনো অবৈধ সম্পদ তৈরি করিনি। আমি বাড়ি-গাড়ি করিনি। বিচার আপনাদের কাছে দেব। যদি কেউ চুয়াডাঙ্গাকে ভালোবাসে, তাহলে তার সম্পদ চুয়াডাঙ্গাবাসীর কাছে তুলে ধরুক।’ তিনি আরও বলেন, ‘তিন দিন পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে। আমি কিন্তু পরোয়া করিনি। বারবার আমার কাজে এবং উন্নয়নমূলক কাজে বাঁধা দেওয়া হচ্ছে। তবে কোনো কাজ থেমে নেই। কোনো কাজ থামাতে পারবে না। চুয়াডাঙ্গা পৌরসভার সাধারণ মানুষ আমাকে সহযোগিতা করেছে। আপনারা সহযোগিতা করেছেন। আমি আপনাদের দেওয়া শক্তি সাহসে চলি। আপনারা আমাকে সেই ছোট্ট বয়স থেকে চেনেন।’
বিকেলে বনানীপাড়ায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, মহিলা লীগ নেত্রী রুপভান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি সরোয়ার, পিকন, ছাত্রলীগ নেতা অংকন, রাইসুল, লিখন, সাব্বির প্রমুখ।
পরে সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক টোকন ইসলাম, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াশিম, ভুলন, বিপ্লব, ইমরান, সেলিম মল্লিক, ছাত্রলীগ নেতা জনি, ওয়াজেদ, সিথুন, সানজিদ, নাহিদ, মিণ্টু, স্থানীয় বাসিন্দা জাকির হোসেন, মিণ্টু, সাকু, সালামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন ছাত্রলীগ নেতা প্লাবন।
কমেন্ট বক্স