জীবননগর রায়পুরে প্রতিপক্ষের আঘাতে যুবক আহত
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার রায়পুরে প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে আব্দুর রহমান (৩৮) নামের এক যুবক আহত হয়েছেন। গত রোববার মাঠে কাজ করার সময় প্রতিপক্ষের হামলায় আহত হন ওই যুবক। পরে মাঠের কৃষকেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে তাঁর পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা তাঁকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর হুদাপাড়ার আব্দুল হান্নানের ছেলে আব্দার রহমান ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে লিটন হোসেন (৪৫) পরস্পর মামাতো-ফুফাতো ভাই। তাঁদের মধ্যে সম্প্রতি মাঠের কলাগাছ কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে লিটন ক্ষিপ্ত হয়ে ওঠেন আব্দারের প্রতি। গত রোববার বিকেলে আব্দার রহমান রায়পুর বটতলার মাঠে তাঁর নিজ মরিচ খেতে পরিচর্যা করছিলেন। এ সময় লিটন সেখানে গিয়ে ধারালো দা দিয়ে আব্দারকে আহত করেন। এ সময় মাঠের কৃষকেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে তাঁর পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা তাঁকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
আহত আব্দারের বড় ভাই আব্দুল হান্নান বলেন, ‘ঘটনার দিন আমার ভাই আব্দার মাঠে কাজ করছিলেন। এ সময় লিটন হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। আবার এখন তার ভয়ে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না। আমাদের খেতে-খামারে কাজ করা শ্রমিকদেরও নানাভাবে হুমকি-ধামকি দেওয়ায় তারা আমাদের কাজে যেতে চাচ্ছে না। পুলিশ লিটনকে এখন পর্যন্ত আটক করতে পারেনি।’
এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স