সমীকরণ প্রতিবেদন:
পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। সারা দেশের ন্যায় গতকাল সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এ কর্মবিরতি পালন করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় এক দফা দাবিতে কালেক্টরেট সহকারীদের মানববন্ধন ও দিনভর কর্মবিরতি পালন করা হয়েছে। ১৬ থেকে ১১ গ্রেডের কর্মচারীদের পদবি ও গ্রেড পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি হওয়ায় মাঠ প্রশাসনে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি দীর্ঘদিন বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বিরাজ করায় এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাকাসস-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন প্রেসরিলিজের মাধ্যমে তাদের দাবির উপর বক্তব্য তুলে ধরেন।
এসময় তিনি বলেন, দাবি বাস্তবায়নের সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির সাথে বার বার সাক্ষাত এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বারকলিপি, আবেদন নিবেদন করলেও বাকাসস-এর দাবি যৌক্তিক দেখিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ একমত পোষণ করার পরও দীর্ঘদিন ধরে তাদের দাবি বাস্তবায়িত হয়নি। পক্ষান্তরে একই প্রশাসনের অধিনে তহশীলদার ও সহকারী তহশীলদারদের পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করা হয়েছে। তাছাড়া ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক, সমাজসেবা, পুলিশ বিভাগ, পরিসংখ্যান, অডিট, কৃষি, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ প্রায় ২০ থেকে ২১ বিভাগ ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদবি ও গ্রেড পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি হওয়ায় মাঠ প্রশাসনের কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যয়সঙ্গত দাবি দীর্ঘদিন বাস্তবায়িত না হওয়ার কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বক্তারা আরও বলেন, অচিরেই দাবিগুলো বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের নীচে সকলে মিলে কর্মবিরতি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, বাকাসস-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি নুরুল হুদা, হামিদুল ইসলাম, রুমানা আক্তার, নজরুল ইসলাম, আব্দুল মালেক, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহসাধারণ সম্পাদক আবু শাহিদুল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন, আব্দুল লতিফ, জাহিদুল ইসলাম, জেসমিন আক্তার, এখলাছ হোসেন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মনোয়ারুল ইসলাম, শামীমা আরা, সাদিয়া ইসলাম প্রমুখ।
মেহেরপুর:

জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়সহ অন্য কার্যালয়ের কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আফতাব আলী খাঁন, আনোয়ার কামাল, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাস্তবায়নের সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির সঙ্গে বারবার সাক্ষাত এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্মারকলিপি আবেদন-নিবেদন করলেও বাকাসস কর্তৃক উত্থাপিত দাবি যৌক্তিক মর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একমত পোষণ করলেও দাবি পূরণ হয়নি। তাঁদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জোর দাবি জানানো হয়।