গাংনীতে স্ট্যাম্পভেন্ডর ব্যবসায়ী নুর ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপলোড তারিখঃ
২৯-১০-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে স্ট্যাম্পভেন্ডর ব্যবসায়ী নুর ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা দারিদ্র বিমোচন অফিসের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নুর ইসলামের বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের কথা তুলে ধরে বিচার দাবি করেন বক্তারা। নুর ইসলাম উপজেলার বাহাগুন্দা গ্রামের মরহুম আবেদ আলীর ছেলে।
এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক পৌর মেয়র আহমেদ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিদুজ্জামান শিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবিব, জুগিন্দা গ্রামের মরহুম জাফর আলী মেম্বরের ছেলে জাকির হোসেন। বক্তারা স্ট্যাম্পভেন্ডর নুর ইসলামের বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের কথা তুলে ধরে বিচার দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তার সঠিক বিচার না হওয়া পর্যন্ত এ প্রতিবাদী কার্যক্রম চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোহিদুল ইসলাম তোহিদের সঞ্চালনায় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সোবহান, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ ওমর আলী তাপু, শ্রমিকলীগের সভাপতি হাফিজুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে নুর ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গাংনীর ধানখোলা উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে দুজন প্রার্থী হয়। আমি জুগিন্দার মরহুম জাফর আলী মেম্বারের ছেলে জাকির হোসেনকে সমর্থন না দিয়ে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মফিজুল ইসলামকে সমর্থন করি এবং সে বিপুল ভোটে জয়ী হয়। তাই নিবার্চনে পরাজিত প্রার্থী জাকির হোসেন তার কিছু অনুসারী ও তার দলীয় লোকজনকে সাথে নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে মিথ্যা অভিযোগ করছেন।’
কমেন্ট বক্স