বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে জীবননগরের শিম

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২০ ইং
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে জীবননগরের শিম
মিঠুন মাহমুদ: জীবননগর উপজেলার বিভিন্ন মাঠে মাঠে চোখ ধাঁধানো সবুজের সমাহার, তাকালেই চোখ জুড়িয়ে যায়। এ যেন এক অন্য দিগন্ত। চলতি মৌসুমে আগাম জাতের শিম চাষ হয়েছে জীবননগর উপজেলার বিভিন্ন মাঠে। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে অন্যান্য ফসলের পাশাপাশি শীতকালীন সবজি হিসেবে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আগাম শিমের চাষ। মাঠজুড়ে সাদা ও বেগুনি রঙয়ের ফুলে ভরে গেছে শিম চাষের জন্য বানানো মাচা। অনুকূল আবহাওয়ায় শিমের ভালো ফলন ও দাম বেশী থাকায় বেশ আনান্দে আছেন শিম চাষিরা। ইতিমধ্যেই আগাম জাতের শিম উঠতে শুরু করেছে। পুষ্টগাছ ও প্রচুর ফুল ফোটায় চলতি মৌসুমে শিমের ভালো ফলন হবে বলে আশা করছেন প্রান্তিক চাষিরা। জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শিমের চাষ করেছেন কৃষকরা। যা গতবছরের তুলনায় ৩০ হেক্টর বেশি জমিতে শিম চাষ হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে শিম তুলতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। গ্রামীণ সড়কে দাঁড়িয়ে যতদূর চোখ যায় শুধুই শিমের সবুজ খেত। সবুজ পাতা আর বেগুনি রঙের ফুলে ছেয়ে গেছে মাঠ। শিম বিক্রির জন্য গ্রামের মোড়ে মোড়ে বসেছে অস্থায়ী বাজার। এসব বাজার থেকে শ্যালোইঞ্জিনচালিত নছিমন-করিমন ও ট্রাকবোঝাই করে শিম যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাটবাজারে। বর্তমানে পাইকারিতে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের চাষি আতিয়ার রহমান বলেন, তিনি ২বিঘা জমিতে শিমের আবাদ করেছেন। ইতোমধ্যে তিনি ১ লাখ ২৫ হাজার টাকার শিম বিক্রি করেছেন। তিনি আরো ২ লাখ টাকার শিম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। উপজেলার বাঁকা গ্রামের কৃষক শামসুল হক বলেন, শিম মূলত শীতকালীন সবজি। বেশি দামের আশায় একটু আগেভাগে এক বিঘা জমিতে শিমের আবাদ করেছি। বিঘা প্রতি খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। তিনি আশা করছেন সব খরচ বাদ দিয়ে তার এক বিঘা জমিতে দেড় লাখ টাকা লাভ হবে। বৈদ্যনাথপুর গ্রামের পাইকারি শিম ব্যবসায়ী আব্দুল গনি জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে শিম কিনে ঢাকা, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হচ্ছে। ইতোমধ্যেই নতুন শিম পাঠানো শুরু হয়েছে। খুচরা বাজারে শিমের চাহিদা ও দাম ভালো। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জীবননগর উপজেলায় এ বছর কৃষকরা আগাম শিম চাষ করেছে। অসময়ে এ আবাদ থেকে চাষিরা বাড়তি আয় করতে পারেন। এবার চলতি মৌসুমের শুরুতে শিম খেতে ছত্রাক ও পোকার আক্রমণ দেখা দিয়েছিলো। কিন্তু কৃষি বিভাগের পরামর্শ ও সুষ্ঠু পরিচর্যায় শেষ পর্যন্ত শিমের ফলন ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় এবার দামও ভালো পাচ্ছেন কৃষকরা। শিমের উৎপাদন বাড়াতে মাঠপর্যায়ে কৃষি বিভাগ কাজ করছে এবং কৃষকদের সবজি চাষসহ বিভিন্ন ধরনের চাষ করতে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ