বিজিবি সদস্য সোহেল রানা পুলিশি হেফাজতে
- আপলোড তারিখঃ
২১-১০-২০২০
ইং
দর্শনায় স্ত্রী পরিচয়ে কলেজছাত্রীকে নিয়ে হোটেলের রুম বুকিং
দর্শনা অফিস:
দর্শনার হিমেল আবাসিক হোটেলে পুলিশের হাতে সোহেল রানা নামের এক বিজিবি সদস্য কলেজছাত্রীসহ আটক হয়েছেন। গতকাল দুপুরে দর্শনা থানা-পুলিশ তাদেরকে আটক করে। আটকৃতরা হলেন- যশোর কোতয়ালী থানার ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্প এলাকার বদিউজ্জামানের ছেলে ও কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্য সোহেল রানা (৩৮) এবং নড়াইল জেলার সিংগিয়া থানার শফিকুল মোল্লার মেয়ে ও নড়াইল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী হেনা খাতুন (২৩)।
জানা যায়, গতকাল দুপুর দুইটার দিকে সোহেল রানা ও হেনা খাতুন স্বামী-স্ত্রী পরিচয়ে দর্শনা আবাসিক হোটেলে যায়। হোটেলে রুম বুকিং-এর সময় ম্যানেজারের কাছে সোহেল রানা নিজেকে বিজিবির নায়েক পরিচয় দেন এবং সঙ্গে থাকা কলেজছাত্রীকে তার স্ত্রী বলে পরিচয় দেন। এসময় সোহেল রানা ও হেনা খাতুনের আচরণে হোটেল ম্যানেজারের সন্দেহ হলে তিনি বিবাহের প্রমাণপত্র হিসেবে কাবিননামা চান। এসময় বিজিবি সদস্য সোহেল রানা হোটেল ম্যানেজারকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে হোটেলে রুম বুকিং করেন। পরে হোটেল ম্যানেজার দর্শনা থানা-পুলিশকে খবর দেয়। দর্শনা থানা পুলিশ দ্রুত হোটেলে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে।
এসময় হোটেল মালিক জানান, ‘কয়েকদিন পূর্বে ঐ বিজিবি সদস্য আরও একটি মেয়েকে একইভাবে স্ত্রী পরিচয়ে আমার হোটেলে নিয়ে এসেছিলেন। তখন আমরা বুঝতে পারিনি। এবার ভিন্ন আরেকটি মেয়েকে স্ত্রী পরিচয় দেওয়ায় আমাদের সন্দেহ হয়। আমরা পুলিশকে খবর দিই।’
এবিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল জানান, ‘তারা দুজনই পুলিশ হেফাজতে আছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
কমেন্ট বক্স