সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে
- আপলোড তারিখঃ
১৪-১০-২০২০
ইং
নির্বাচন উপলক্ষে গড়াইটুপিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও সাদিকুর
আকিমুল ইসলাম:
নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল, ওসি তদন্ত মাহাবুর রহমান, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারিক হাসান। এসময় প্রধান অতিথি ইউএনও সাদিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কোনো ধরণের কারচুপি বা হট্টগোলের সুযোগ নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই নির্বাচনে খুব তৎপর থাকবেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জোরদার ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে চার চেয়ারম্যান পদপ্রার্থী, ৯টি ওয়ার্ডে পুরুষসহ সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স