গড়াইটুপিতে খালের বাঁধ অপসারণ
- আপলোড তারিখঃ
০৭-১০-২০২০
ইং
প্রতিবেদক, গড়াইটুপি:
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের কামরিয়া বিলে অবৈধভাবে মাছ শিকারে দশ গ্রামের ৫ শ বিঘা ধানের ক্ষেত ও ভূট্টার জমি প্রস্তুতে সমস্যার সৃষ্টি হচ্ছে এমন অভিযোগে খালের বাঁধ অপসারণ করেন তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা। সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দীন গড়াইটুপি হতে গোবরগাড়া পর্যন্ত কামরিয়া খালের ১৫টি বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। স্থানীয়রা জানায়, গড়াইটুপি, গহেরপুর, সড়াবাড়ীয়া, গোবরগাড়া, সিলিন্দিপাড়া, তিতুদহ, গোলাপনগর, গোষ্টবিহার, বিত্তিরদাড়ি ও খাসপাড়া গ্রামের বেশিরভাগ মানুষের ধানের ক্ষেতের পানি নিষ্কাশনের একমাত্র খাল হলো কামরিয়া খাল। আর এই খালে পলিথিন দিয়ে বাঁধ দেওয়ার ফলে খালের পানি ধানের জমি ও ভূট্টার জন্য প্রস্তুতকারি জমিতে উঠতে শুরু করেছে। এরই প্রেক্ষিতে গত সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করে বিত্তিরদাড়ি গ্রামের মৃত ফজর মণ্ডলের ছেলে দীন ইসলাম। এদিকে, স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী অফিসার ও তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দীনকে ধন্যবাদ জ্ঞাপনসহ সাধুবাদ জানিয়েছে।
কমেন্ট বক্স