আব্দুস সাত্তারের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- আপলোড তারিখঃ
০১-১০-২০২০
ইং
দৈনিক আমার সংবাদের সম্পাদক হাশেম রেজার পিতা
আব্দুস সাত্তারের ইন্তেকাল, দাফন সম্পন্নসমীকরণ প্রতিবেদন:
জাতীয় দৈনিক আমার সংবাদের সম্পাদক-প্রকাশক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা হাশেম রেজা পিতা আব্দুস সাত্তার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী আনন্দ বাজারপাড়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আব্দুস সাত্তার ছিলেন মরহুম মোহাম্মদ আলী মোল্লার ৪ ছেলে ও ২ মেয়ের মধ্যে দ্বিতীয়। আব্দুস সাত্তার মোল্লা মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে দুই বছর যাবৎ অসুস্থ ছিলেন এবং বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। দুই দিন যাবত হালকা জ্বর শুরু হয় তাঁর। বুধবার ভোরের দিকে বেশি অসুস্থতাবোধ করলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে নেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু তিনি সবাইকে কাঁদিয়ে সকাল ৭টা ৩৫ মিনিটে পাড়ি জমান না ফেরার দেশে। তাঁর মৃত্যুর সংবাদ শুনে এলাকার সাধারণ মানুষ দল-মত নির্বিশেষে একনজর মরহুমকে দেখতে ভিড় জমান।
গতকাল বুধবার আসরের নামাজের পর নিজ গ্রামস্থ কুড়ুলগাছী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। দাফনকার্যে দল-মত নির্বিশেষে মুসল্লিদের ঢল নামে। দাফনকার্যে অংশ নেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জীবনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইশা খাতুন লাকী, দামুড়ুহুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল কবীর ইউসুফ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জামান আক্তার, দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক ও নয়া দিগন্ত চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিক, বিজয় টিভির প্রতিনিধি পলাশ উদ্দিনসহ এলাকার মুসল্লীগণ। মরহুমের নামাজে জানাজা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আশরাফুল।
মরহুম পিতার জন্য জাতীয় দৈনিক আমার সংবাদের সম্পাদক-প্রকাশক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা হাশেম রেজা দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। মরহুমের মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ইসলাম রকিব। এদিকে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার কুড়ুলগাছী গ্রামের সব মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে সবাইকে শরীক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কমেন্ট বক্স