বিদেশে কর্মসংস্থান করার লক্ষ্যে খুলনা বিভাগীয় পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৬-০৮-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, বিদেশে যেতে আগ্রহীদের যেমন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, তেমনই তাঁদেরকে দালাল সম্পর্কে সচেতন করতে হবে। অদক্ষতার কারণে যেমন বিদেশে গিয়েও উপযুক্ত পারিশ্রমিকের কাজ পাচ্ছেন না, তেমনই দালালদের খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হচ্ছেন। ফলে জেলা প্রশাসনসহ তৃণমূল পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের এ বিষয়ে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তিনি উপরোক্ত আহ্বান জানিয়ে বলেন, ‘দক্ষতা বৃদ্ধির জন্য জেলার পর এবার উপজেলা পর্যায়ে টিটিসি স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুলনা বিভাগে ৭টি উপজেলায় ডিসেম্বরেই স্থাপনার কাজ শুরু হবে।’ যেসব উপজেলায় টিটিসি স্থাপনের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে, সেগুলোর নামও তুলে ধরেন মন্ত্রী। এর মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, মেহেরপুরের মুজিবনগরও রয়েছে। খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত ডিআইজিসহ বিভাগের ১০টি জেলার জেলা প্রশাসক, টিটিসি কর্মকর্তা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতিসহ ১০টি জেলার সাংবাদিক নের্তৃবৃন্দ এ বৈঠকে অংশ নেন। প্রতি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার জন দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থান করার লক্ষ্যে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রচার, প্রেস ব্রিফিং এবং সেমিনারটি খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহা পরিচালক মো. শামছুল আলম।
কমেন্ট বক্স