চুয়াডাঙ্গায় নবগঙ্গা নদীতে মৎস্য অবমুক্তকরণ ও দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
মুজিবশতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় নবগঙ্গা নদীর দুই পাড়ে বৃক্ষরোপণ ও নদীতে মৎস্য অবমুক্তকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার আয়োজনে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প ১ম পর্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে নবগঙ্গা খালের উভয় পাড়ে বৃক্ষরোপণ ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণের শুভ উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঙ্গা খালের ধারে গাছ লাগিয়ে এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুধির কুমার ও উপসহকারী প্রকৌশলী সানাউল্লাহ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নগগঙ্গা নদী দখল মুক্ত ও পুনঃখনন কাজ শেষে নদীতে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড মাছের এ পোনা অবমুক্ত করে। এ সময় বিভিন্ন প্রজাতির চার মণ মাছের পোনা ছাড়া হয় নদীতে। এছাড়াও ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। পুনঃখনন করা নবগঙ্গা নদীর ১৪ কিলোমিটার এলাকায় দুই পাড়ে ৪৮ হাজার গাছের চারা রোপণ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা মল্লিক হাসু, ঠিকাদার জাকাউল্লাহ, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী বিশ্বজিৎ কুমার শাহা, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস প্রমুখ।